৪ মার্চ ঢাকায় আসছেন জয়শংকর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের এজেন্ডা চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২৬ মার্চের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি অংশ নেবেন। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হবে। নরেন্দ্র মোদির সফরের আলোচ্যসূচি ও বিভিন্ন ক্ষেত্রে যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর হবে। এর আগে ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন।