কুমিল্লায় অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ওই গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং মেয়ে ফারজানা আক্তার (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানা আক্তার আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না।  

ইত্তেফাক/এএএম