প্রকল্পের টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকল্পের কাজ শেষ না করে টাকা উত্তোলন ও সভাপতির স্বাক্ষর জাল করার দায়ে তালায় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ।

রাজু সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন চেয়ারম্যানের বরখাস্তের এ আদেশ দেন।

এলাকাবাসী জানান, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টিআর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু ৬৯ হাজার ৬শত ৬৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এনিয়ে স্থানীয় এলাকাবাসী তালা উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সুপারিশ করে পত্র দেন।

এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে আদেশ দেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারিফ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমআর