নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব গ্রামে মাটি কাটার সময় বাড়ির আঙ্গিনা থেকে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি পাওয়া গেছে। এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে বেলাব থানা পুলিশ গুলিগুলো থানায় নিয়ে যায়।
এসময় মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। ১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
নরসিংদীর বেলাব উপজেলার মাটি কাটার সময় বাড়ির আঙ্গিনা থেকে উদ্ধার হওয়া ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি। ছবি: ইত্তেফাক
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাই এর বাড়ি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনায় মাটি কাটছিলেন। সারাদিন মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলিভর্তি একটি বক্স দেখতে পায় মাটিকাটার শ্রমিকরা। এসময় বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল হাই এর ছেলে বায়েজিদকে গুলির বক্স পাওয়ার খবর জানালে তিনি বেলাব থানায় খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে।
ইত্তেফাক/এমএএম