গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে দাফন করা লাশ উদ্ধার

গাইবান্ধায় দাফনের ১২দিন পর নির্মাণাধীন ভবন থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। কবর থেকে লাশ কে বা কারা উত্তোলন করে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বিল্ডিং এ রেখে যায় তা এখন পর্যন্ত জানা যায়নি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মরদেহটি সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের মৃত. তছির উদ্দিনের স্ত্রী নছিমন বেওয়ার (৭৫)। 

বৃদ্ধার ছেলে আনছার আলী জানান, গত ৫ ফেব্রুয়ারি তার মা নছিমন বেওয়া বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন তাকে ইসলামী শরিয়াহ মোতাবেক বাড়ির পাশে পালানপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, বুধবার সকাল ১০টার দিকে ওই কবরস্থানের প্রায় ৩০০ গজ পশ্চিমে একটি নির্মাণাধীন ভবনে মালিক হেলাল উদ্দিন তার রুমে লাশটি দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গিয়ে লাশটি দেখে তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে স্বজনরা কবরস্থানে গিয়ে দেখে কবরে নছিমন বেওয়ার লাশ নাই। পরে বুধবার দুপুর ১২টার দিকে তার লাশ একই কবরে পুনরায় দাফন করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, কোনো অভিযোগ না থাকায় ওই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাত কেউ ওই ভবনের মালিককে বিপদে ফেলার জন্য এই ঘটনা ঘটাতে পারে। 

ইত্তেফাক/এমএএম