লজ্জা ভেঙে করোনার টিকা নিন

বিএনপি নেতাদের তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বিএনপি নেতাদের লজ্জা ভেঙে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনার টিকা নেওয়ার পর ‘বিএনপি শুরু থেকে করোনার টিকার বিরুদ্ধে অপপ্রচার চালালেও দলীয় নেতারা এখন টিকা নিচ্ছেন’ এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান ও ক্লিনিকের সিভিল সার্জন ইলিয়াছ আলী এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত বিএনপির যেসব নেতা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যেসব দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের জন্য লজ্জা হচ্ছে, কারণ তাদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণ হয় যে, তারা সব সময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই অপপ্রচার চালায়।