ইত্তেফাক রিপোর্ট
বিশ্ববাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল সিঙ্গাপুরে বিনিয়োগ সম্মেলন করবে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও সফল প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্যে চলতি বছরের শেষের দিকে এই ‘ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনস্যুল শিলা পিল্লাই এবং ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের মধ্যে আলোচনায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
এ সময় ডিসিসিআই সভাপতি বাংলাদেশ হতে আরো বেশি পরিমাণে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিক এবং কৃষি পণ্য আমদানির প্রস্তাব দেন। একই সঙ্গে অবকাঠামো খাতের উন্নয়ন, আর্থিক সেবা খাত এবং ইলেকট্রনিক মেশিনারিজ খাতের সম্প্রসারণে সিঙ্গাপুর তথ্য-প্রযুক্তিভিত্তিক সহযোগিতা প্রদানের এগিয়ে আসার ওপর গুরুত্ব দেন। শিলা পিল্লাই বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ঘাটতি অনেক বেশি। রপ্তানি বাড়াতে এখানকার পণ্যের বহুমুখীকরণের তাগিদ দেন তিনি।