পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ইত্তেফাক রিপোর্ট

দেশের পুঁজিবাজারে আগের দিনের ধারাবাহিকতায় গতকাল বুধবার দরপতন হয়েছে। গতকাল সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। এছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ২ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টি শেয়ার দর। গতকাল ডিএসইতে দর বৃদ্ধিতে বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ্য করা গেছে।  অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ টাকা।