এক বছরের বেশি সময় পর প্রকাশ্যে দেখা গেল কিমের স্ত্রীকে

 বিবিসি ও রয়টার্স

এক বছরের বেশি সময় পর জনসম্মুখে দেখা গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জুকে। বুধবার সরকারি সংবাদমাধ্যমে তার ছবি প্রকাশিত হয়েছে। কিমের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশ জুড়ে বিশাল উত্সবের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই এক কনসার্টে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন রি সোল।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা গেছে—কিম এবং তার স্ত্রী কনসার্ট উপভোগ করছেন। দুই জনকেই হাসিখুশি দেখা গেছে।  গত বছরের জানুয়ারিতে শেষ বারের মতো লুনার নিউ ইয়ারের উত্সবের সময় সোলকে দেখা গেলেও প্রায় এক বছরের বেশি সময় তাকে আর দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) মঙ্গলবার জানিয়েছে, করোনা ভাইরাসের ঝুঁকির কারণেই হয়তো সোল বাইরে চলাফেরা এবং লোকজনের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছিলেন। তিনি হয়তো তার সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।