ভেঙে দেওয়া হলো কমিটি
স্পোর্টস রিপোর্টার
ফুটবল মাঠে খেলা পরিচালনায় বিতর্কের জের ধরে রেফরিজ কমিটি ভেঙে দিয়েছে বাফুফে। গতকাল দুপুরে বাফুফে ভবনে গিয়েই বাফুফের সভাপতি কঠিন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন। রেফারিজ কমিটির নতুন প্রধান হচ্ছেন প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। আট সদস্যের নতুন কমিটিতে অন্যরা হলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, আবদুর রহিম, গত মৌসুমে রেফারিজ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন, বাফুফের সদস্য ইলিয়াস হোসেন, আছেন ভেঙে দেওয়া কমিটির ইব্রাহিম নেসার, আর আলম, তৈয়ব হাসান বাবু এবং শহিদুল ইসলাম লালু।
রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী। তার কমিটি এবারের ফুটবলে নানাভাবে বিতর্ক ছড়িয়েছে। রেফারিদের খেলা পরিচালনায় কিছু কিছু সিদ্ধান্ত ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। শেখ জামাল-বসুন্ধরা কিংসের ম্যাচে শেখ জামালের গোল বাতিল করেছিলেন রেফারি জালাল উদ্দিন। তার আগেও রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবলে বিতর্ক হলেও বসুন্ধরা-শেখ জামালের ম্যাচে বাতিল হওয়া গোল নিয়ে ফিফার দরজা পর্যন্ত গিয়েছে বাফুফে। ফিফার কাছে পাঠানো হয়েছে ভিডিও ফুটেজ। ফিফা কোনো সিদ্ধান্ত দেবে না। মতামত দেবে কি না, তা নিয়েও আশঙ্কা রয়েছে। বাফুফের সভাপাতি কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন তারা ফিফার কাছ থেকে মতামত জানতে চান। তার আগেই রেফারিজ কমিটি ভেঙ্গে দিলেন সভাপতি কাজী সালাহউদ্দিন।
রেফারিদের সিদ্ধান্ত বিতর্কমুক্ত করতে বাফুফে সভাপতি ঘোষণা দিয়েছিলেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি শুরু করা যায় কি না। গতকাল বাফুফে ফিফার সঙ্গে ভিডিও কনফারেন্স করে ভিএআর নিয়ে কথা বলেছে। ফিফার বিশেষজ্ঞ চার জন বাফুফের চার জনের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে। ভিএআর প্রযুক্তি চালু করতে হলে বড় অংকের অর্থের খরচা করতে হবে। ফিফার ভিএআর বিশেষজ্ঞরা নির্দিষ্ট করে বলতে পারেনি কত টাকা খরচ হবে। এটা হতে পারে আড়াই কোটি টাকা, হতে পারে সঙ্গে ৫ কোটি টাকা। সংশ্লিষ্ট একজন জানিয়েছেন ইউরোপে কোথাও একটা বার্গার খেতে ৫ ইউরো দিতে হয়, বাংলাদেশে ৫০ টাকায়ও বার্গার পাওয়া যায়। ভিএআর প্রযুক্তি স্থাপনের বিষয়টা এরকমই। নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। ফিফা হতে টেকনিশিয়ান আসবে, এখানে প্রশিক্ষণ দিতে হবে, আরো কিছু বিষয় আছে। বাফুফে জানতে চেয়েছিল ভিএআর প্রযুক্তি চালু করতে ফিফার কাছে ফান্ড পাওয়া যাবে কি না। ফিফায় ফরোয়ার্ড প্রোগ্রাম আছে। সেটার মাধ্যমেও চেষ্টা চলবে সঙ্গে সঙ্গে বাফুফেও নিজ অর্থায়নে ভিএআর আনার উদ্যোগ নেবে।