স্পোর্টস রিপোর্টার
পোড়-খাওয়া কিছু মোহামেডান সমর্থক রয়েছে যারা মোহামেডানের পিছিয়ে যাওয়ার খবর শুনতেই চায় না। হারের খবর ছাড়া আর কিছু খুুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এসব অভিমান করা মোহামেডানের সমর্থকরা এখন আবার মোহামেডানের দিকে তাকাচ্ছে। ধারাবাহিকভাবে জয় না পেলেও মোহামেডান ভালো খেলছে এ খবরে সমর্থকরাও স্বস্তি পাচ্ছেন। প্রিমিয়ার ফুটবল লিগে কুমিল্লার মাঠে আরেকটি জয় তুলে নিয়েছে মোহামেডান। গতকাল বিকালে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ২-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। হ্যাটট্রিক জয়ের পর খেলায় (৪ জয়, ৩ ড্র, ২ হার) পয়েন্ট নিয়ে মোহামেডান এখন টেবিলের পঞ্চম স্থানে। কালকের জয় এনে দিয়েছেন মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে। ম্যাচের তিন মিনিটেই গোল তুলে নেন এই স্ট্রাইকার ১-০।
রহমতগঞ্জ নিজেদের উজাড় করে দিয়ে চেষ্টা করেছিল একটা গোল ফিরিয়ে দেওয়ার। মোহামেডান কর্তারাও টেনশনে ছিলেন। এক গোলের ওপর আস্থা নেই। যে কোনো মুহূর্তে গোল শোধ হয়ে যেতে পারে। কিন্তু মোহামেডানের ডিফেন্স লাইন শক্ত অবস্থানে থাকার কারণে রহমতগঞ্জ গোলের দেখা পায়নি। তাদেরও ভাগ্য ভালো ছিল না। খেলার শেষ বাঁশি বাজার আগে মোহামেডানের আমির হাকিম বাপ্পির গোলে সাদাকালো শিবিরে স্বস্তি আসে ২-০। ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোহামেডানও যেন উত্কণ্ঠা হতে রক্ষা পায়। কুমিল্লার এই মাঠেই শক্তিশালী পুলিশকে হারিছে ১-০ গোলে। মাঝে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে পিছিয়ে থেকে মোহামেডান ২-১ গোলে জয় পেয়েছে। প্রথম জয়টা এসেছিলে আরামবাগকে হারিয়ে। তা ছাড়া উত্তর বারিধারা, আবাহনী এবং শেখ রাসেলের বিপক্ষে ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল মোহামেডান।
রহমতগঞ্জ ৮ খেলায় ২ জয়, ২ ড্র নিয়ে যৌথভাবে ৯ নম্বরে রয়েছে। মোহামেডানের শেষ তিনটি ম্যাচ হচ্ছে চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা এবং শেখ জামালের বিপক্ষে। আজ এবং আগামীকাল লিগের খেলা নেই।