স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু হবে আগামী ১ এপ্রিল। গেমস শেষ হবে ১০ এপ্রিল। বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে অংশ নেবে নারী ক্রিকেট দল। গেমস ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, গতকাল মিরপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ১৩ দিনের ক্যাম্প। বিসিবি একাডেমিতে অবস্থান করছেন ক্রিকেটাররা। ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দল ও ইমার্জিং দলের ৩২ ক্রিকেটার।
আগামী ১ মার্চ ক্যাম্প শেষ হবে। ২ মার্চ সিলেটে চলে যাবে দুই দল। সেখানে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প হবে। পরে ৬-১২ মার্চ বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের ম্যাচ খেলবেন নারী ক্রিকেটাররা। ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দল নামে তিনটি দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালসহ চারটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গেমস চলাকালীন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বাংলাদেশ সফরে থাকবে। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের কারণে তখন বাংলাদেশ গেমসে খেলা সম্ভব হবে না। তাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুমতি সাপেক্ষে ক্রিকেট ইভেন্টের সময় এগিয়ে এনেছে বিসিবি। গেমসের পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে মাঠে নামবেন ক্রিকেটাররা। তাই গেমসের মাধ্যমেই হোম সিরিজের প্রস্তুতি নিতে পারবে নারী দল।