চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সংবাদপত্র হকারের মৃত্যু

চট্টগ্রামে সাইকেলে করে পত্রিকা বিলি করার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক হকারের মৃত্যু হয়েছে। নিহত হকারের নাম মোহাম্মদ তুহিন হোসেন (৩৫)। গতকাল বুধবার ভোরে নগরীর কদমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রাজারামপুর গ্রামে তার বাড়ি। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নেতৃবৃন্দ জানান, মোহাম্মদ তুহিন হোসেন বুধবার ভোরে পত্রিকা বিলি করার জন্য সাইকেল নিয়ে বের হন। তিনি কদমতলী মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় বেপরোয়া ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সংবাপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নুর রহমান, সাধারণ সম্পাদক হেফাজতের রহমান ভুঁইয়া, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন, ইউনিয়নের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সাহাবুদ্দীন, ইউনিয়নের সাবেক সম্পাদক মোস্তফা খোকন দাউদুল ইসলাম, জয়নাল আবেদীন মিয়া খান, ইউনিয়নের সাবেক সভাপতি আবু তাহের। বিবৃতিতে তারা দোষী ট্রাকচালক ও ট্রাক আটক এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।