বিশ্ববিদ্যালয়ে ভর্তি

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলবে পরীক্ষা

আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত পর্যায়ক্রমে চলবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা। আর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে। তবে ১৪টি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো পরীক্ষার আয়োজন করবে। গতকাল বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। শিগিগর এই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আর প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে তিন দিনে। এর মধ্যে মানবিক বিভাগের জন্য ১৯ জুন, বাণিজ্যের জন্য ২৬ জুন এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ৩ অথবা ১০ জুলাই। এই ২০টি বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি প্রশ্নে (এমসিকিউ)। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না। গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ মে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০ জুন এবং রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট, কুয়েট,  চুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১, ২২, ২৭ ও ২৮ মে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ১৮ জুন পর্যন্ত এবং ২০ জুন ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন পরীক্ষার আয়োজন করা হবে। এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ২ এপ্রিল এবং ডেন্টালের পরীক্ষা হবে ৩০ এপ্রিল। বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ইত্তেফাককে বলেন, সভায় প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো তারিখ নির্ধারণ করেনি।

জাবিতে ভর্তি পরীক্ষা

 শুরু ৬ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা কীভাবে হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবেশ-পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।