মদনে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

মদনে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারের পাশে গৌরার হাওরে মাখনা ও বাউসা গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় আরিফ নামের এক পুলিশ সদস্য আহত হলে তাকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহত বাউসা গ্রামের মোজাম্মেল ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিত্সার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত খসরু, সাইদুল, আবু সাহেদ, পায়েল, সবুজ, লুত্ফুর রহমান, কেন্তু মিয়া, টিপুল, তাইজুল ইসলাম ও মাখনা গ্রামের সজুত মিয়া, ইছহাক মিয়া, সাইকুল ইসলাম, সুহেল মিয়া, হেকিমকে মদন ও পার্শ্ববর্তী তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় পল্লিচিকিত্সকের কাছ থেকে চিকিত্সা নিয়েছেন। ওসি মাসুদুজ্জামান জানান, সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।