বরিশালে বিএনপিকে আজ সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন গতকাল বুধবার রাত ৯টার দিকে জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের মৌখিকভাবে সদর রোডের পরিবর্তে জিলা স্কুল মোড়ে আজ দুপুরে সমাবেশের অনুমতি দিয়েছে।

এর আগে গতকাল দুপুরে নগরীর সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার জানিয়েছিলেন, আজকের সমাবেশে অনুমতি না দিয়ে প্রশাসন নেতাকর্মীদের হয়রানি করছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার গভীর রাত থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সরোয়ার বলেন, মৌলিক অধিকার গণতন্ত্রহীনতা হয়ে পড়ার কারণেই দেশের দুর্নীতি বন্ধ করতে পারছে না সরকার। সরকার একদিকে বলছে তারা শক্তিশালী বিরোধী দল দেখতে চায়। অন্যদিকে বিরোধী দল সভা-সমাবেশ মিছিল-মিটিং ও রাস্তায় কথা বলতে গেলে সেখানে বাধাগ্রস্ত করে রাখে। সংবাদ সম্মেলনে বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহসভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।