মুক্তিযোদ্ধাদের বারবার ভুলভাল তালিকা তৈরি করায় বিরক্তি প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফ ইত্তেফাককে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লোকজনকে আমরা বলেছি, মুক্তিযোদ্ধাদের তালিকাটা সঠিকভাবে করেন। মন্ত্রণালয়েই নানা অনিয়ম-দুর্নীতি রয়েছে। ভাতার টাকাও নয়ছয় করা হয়, ভাতা পেতে ঘুষ দিতে হয়; এ রকম বহু অভিযোগ আমাদের কাছে আসে।
অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য দবিরুল ইসলাম, মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম ও আরমা দত্ত অংশ নেন। বৈঠকে জানানো হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক প্যানোরমা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সব প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।
দৃষ্টিনন্দন বিদ্যালয় চান এমপিরা
নিজ নির্বাচনি এলাকায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় চান সংসদ সদস্যরা। পাশাপাশি বিদ্যালয়গুলোর অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকারও চান তারা। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এনিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয় জানায়, সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন করাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, আলী আজম, শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন।