‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে ডকুমেন্টারি সম্প্রচারের ঘটনায় কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরার এডিটিং কাউন্সিলের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগসহ চার জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এই আবেদন জমা দেন। মামলায় শায়ের জুলকারনাইন সামি, নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসমিম খলিল ও ডেভিড বার্গম্যানকে আসামি করার জন্য আবেদন জানানো হয়েছে।
অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি বলেন, দণ্ডবিধির ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন দেওয়া হয়েছে। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি আদেশের জন্য রেখেছেন।