আগারগাঁও-উত্তরা রুটে বিজয় দিবসে চলবে মেট্রোরেল

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলতি বছরের মহান বিজয় দিবসে রাজধানীর আগারগাঁও-উত্তরা রুটে চলবে মেট্রোরেল। গতকাল বুধবার নগরীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে ৯টি। এর মধ্যে ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। ফলে এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে মেট্রোরেল চলবে। তিনি বলেন, আমরা আশা করছি মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত রুটে মেট্রোরেল চালু করতে পারব। আমাদের দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা এ বিষয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদ্যাপন বর্ষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়ত।