‘দেশে ২০ ভাগ মানুষ সুবিধাভোগী আর ৮০ ভাগ সুবিধাবঞ্চিত’

বৈষ্যমের কারণে ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হয়েছিল। সেই একই কারণে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বিভাজন। কিন্তু এখনো বৈষ্যমের শেষ হয়নি। এখনো দেশে ২০ ভাগ মানুষ সুবিধাভোগী আর ৮০ ভাগ মানুষ সুবিধাবঞ্চিত। গতকাল বুধবার গণ-বিশ্ববিদ্যায়ের ট্রাস্টি এবং উন্নয়ন ও তদারকি কমিটির সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর লেখা ‘সুশাসনের জন্য পাঁচ প্রস্তাব’ শীর্ষক প্রবন্ধের ওপর আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন গণ-বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারি ধনী-গরিবের বৈষম্য আরো বাড়িয়ে দিয়েছে।

গণ-বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। এরপর মূল প্রবন্ধের ওপর আলোকপাত করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষক—ড. মো. আলী আযম খান, মো. আসিফ চৌধুরী, তাবাতসুম নিপা, রাজীব হায়দার রোমান এবং সারাহ্ নূরুন্নাহার।