সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। দু’জনেই তাদের নিজ নিজ জায়গায় সফল। জুটি বেঁধেও উপহার দিয়েছেন আলোচিত কাজ। এবার আরও একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘ফ্ল্যাটমেট ২’। নাটকটি পরিচালনা করেছেন নাভিল আহমেদ অভি।
তানজিন তিশা ও জোভান এক ফ্ল্যাটে শেয়ার করে থাকেন। দুইজনের মধ্যে সারাক্ষণ খুনসুটি লেগে থাকে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি না। একজন আরেক জনকে ঘায়েল করার চেষ্টায় থাকে। জোভান বলে তার মেয়ে বন্ধু তার সঙ্গে থাকবে। তিশা বলে সেও তার ছেলে বন্ধুকে নিয়ে আসবে। এ নিয়ে রীতিমত ঝগড়া চলে দু’জনের। জোভানকে দেখানোর জন্য এক কাজিনকে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়েও আসে। তার সঙ্গে প্রেমের অভিনয় করে। কিছুদিনের মধ্যে তারা বিয়ে করবে বলেও জানায়।
এসব দেখে হিংসায় জ্বলে জোভান। শোধ নেওয়ার জন্য জোভানও একজনকে গার্লফ্রেন্ড সাজিয়ে নিয়ে আসে। এক পর্যায়ে তারা ফ্ল্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাওয়ার সময় দুইজনেই অনুভব করে আসলে তারা একজন আরেকজনকে ভালোবাসে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্ল্যাটমেট ২’।
আগামী ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
ইত্তেফাক/বিএএফ