স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নড়াইলে স্ত্রী মর্জিনা বিথিকে হত্যার অভিযোগে স্বামী ফোরকান উদ্দিন শাকিল খানকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শাকিল খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকায় ভাড়া বাসাবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে (২৫) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মোঃ মুজিবুর রহমান বাদী হয়ে একই সালের ১৪অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালীন মোট ১৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোঃ ফোরকান উদ্দিন ওরফে শাকিল খান পিরোজপুর জেলার তেজদাশকাঠি গ্রামের মৃত তোফায়েল উদ্দিন খানের ছেলে। 

ইত্তেফাক/এসসিএস