আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান। গত বুধবার বিকেলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চেকআপ করাতে নিয়ে যান তার মেয়ে। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিত্সক। এরপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তার অক্সিজেনের মাত্র বেড়ে এখন স্বাভাবিক রয়েছে। তাছাড়া তার বেশকিছু টেস্টের রিপোর্টও ভালো এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ।
তিনি বলেন, ‘বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রথমে অক্সিজেনের মাত্রা ৮৩ ছিল, এখন তা ৯৮। তাছাড়া ৫ লিটারের জায়গায় এখন ১ লিটার দেওয়া হচ্ছে। কিছু রিপোর্টও ভালো এসেছে। চিকিত্সক আরো কয়েকটি রিপোর্ট দিয়েছেন, সেগুলোর রিপোর্ট ভালো এলে আশা করছি আগামীকাল বাবাকে নিয়ে বাসায় ফিরতে পারবো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, শ্বাসকষ্ট থাকলেও এটিএম শামসুজ্জামানের করোনার কোনো লক্ষণ নেই। বুধবার দুপুরের খাবার শেষে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।