তাজউদ্দীন চরিত্রে রিয়াজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং চলছে মুম্বাইয়ে। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় প্রথম লটের শুটিংয়ে এরইমধ্যে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। ছবিটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন রিয়াজ। আগে থেকে কিছু না জানিয়ে শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমি বরাবরই তো এ রকম। এ আর নতুন কী। একটা চমত্কার কাজ এসেছে। সেটা আনন্দ নিয়ে করছি। বঙ্গবন্ধু ছবিটি আমাদের দেশের মানুষের জন্য অনেক আনন্দের বিষয়। খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানে বাংলার তাজ খ্যাত কিংবদন্তী তাজউদ্দীন আহমদের চরিত্রে কাজ করার আনন্দটা তো আরো আলাদা, মর্যাদাপূর্ণ।’

এর আগে তাজউদ্দিন আহমদের চরিত্রে প্রাথমিকভাবে চিত্রনায়ক ফেরদৌসকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু সেই চরিত্রে রিয়াজের অভিনয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে পারবো না। আমি এ ছবিতে অন্য একটি চরিত্রের জন্য তালিকায় ছিলাম। কিন্তু পরে আমাকে জানানো হলো যে, তাজউদ্দীন সাহেবের চরিত্রটি করতে হবে। আমি প্রস্তুতি নিয়েছি এবং শুটিং করেছি। এর বেশি আমি কিছু বলতে পারবো না।’