সুজানগরে গণমিলনায়তন কেন্দ্র ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান

সুজানগরের দুলাই ইউনিয়নের আন্ধারকোটায় স্থাপিত সরকারি গণমিলনায়তন কেন্দ্রের ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। মঙ্গলবার দুপুরে তিনি ভেক্যু দিয়ে ঐ কেন্দ্র ভেঙে দেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ১৯৮৫ সালের দিকে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে অধিদপ্তরের নিজ নামীয় ১৬ শতাংশ জমির ওপর ঐ গণমিলনায়তন কেন্দ্র ভবনটি নির্মাণ করা হয়। ১৯৮৫ সাল থেকে ৯০ দশক পর্যন্ত ঐ কেন্দ্র থেকে তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান এবং ঋণ আদায়সহ সমাজসেবা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের পর ঐ কেন্দ্রের পরিবর্তে ইউনিয়ন পরিষদ ভবন থেকে কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘বর্তমানে ঐ কার্যক্রম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে পরিচালিত হলেও সমাজসেবা অধিদপ্তর কেন্দ্রটি পরিত্যক্ত ঘোষণা করেনি। এমনকি কেন্দ্রটি অদ্যাবধি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের দখলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ঐদিন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জমি জবরদখলের লক্ষ্যে অবৈধভাবে ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেন। চেয়ারম্যান শাহজাহান বলেন, ‘ঐ ভবনটি আমার পৈতৃক সম্পত্তির ওপর নির্মিত। তাছাড়া ভবনটি দীর্ঘদিন ব্যবহূত হয়নি। সেকারণে আমি ভেঙে ফেলেছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, ‘আইনগত বিষয় খতিয়ে দেখে ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’