টম্যাটোর ট্রাক থেকে হেরোইন জব্দ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টম্যাটোর ট্রাক থেকে প্রায় ৪ কোটি টাকার হেরোইন জব্দ করেছে র্যাব। বুধবার রাতে উপজেলা সদর ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই হেরোইন জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ট্রাকচালক সুজন আলী এবং হেলপার মো. সুজন।

বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব-৫, রাজশাহীর কোম্পানী কমান্ডার মাইনুল ইসলাম জানান, রাতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ায় টম্যাটো ভর্তি একটি ট্রাকে অভিযান চালায়। এ সময় ঐ ট্রাক থেকে তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ট্রাকের চালক ও হেলপারকে।

এছাড়া ১ হাজার ২৮০ কেজি টম্যাটোসহ ট্রাকটি জব্দ করা হয়। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।