রাবিতে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় মহান শিক্ষক দিবস পালিত হয়েছে। উনসত্তরের গণঅভ্যুত্থানকালে এই দিনে রাবির রসায়ন বিভাগের শিক্ষক শহিদ ড. সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দিনটিকে মহান শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে ভোরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহিদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করেন। দিবসের কর্মসূচিতে ছিল—আলোচনাসভা, কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, শহিদ শামসুজ্জোহা হলে দোয়া মাহি্ফল ও প্রদীপ প্রজ্বালন ও রাবি শিক্ষক সমিতির অনলাইন আলোচনাসভা।