সাইনবোর্ড ও নামফলক বাংলা হরফে লেখা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বাংলায় সাইনবোর্ড ও নামফলক না লেখায় এ সময় ২৯টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও রামপুরা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট সাইনবোর্ড বাংলা হরফে না লেখায় ১০টি ভবন ও প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা করে জরিমানা করে। এর মধ্যে আহমেদ টাওয়ার, এ আর টাওয়ার, সফুরা টাওয়ার, ইরেকার্ট হাউজ, বোরাক টাওয়ার, এসুরেন্স, ভিশন কেয়ার, মটকা কিচেন, চাটাই এদের প্রত্যেককে ৫ হাজার টাকা এবং আরো দুইটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া তিনটি ব্যাংকের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসব ভবন ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করে বাংলা ভাষায় প্রতিস্থাপন করার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। এ ছাড়া ফুটপাত অবৈধভাবে দখল করার অপরাধে ফুলের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করে।
সাইনবোর্ড বাংলা ভাষায় না লেখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ রামপুরা এলাকায় ছয় প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেন এবং পাঁচ প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করা হয়। এর মধ্যে আল কাদেরিয়া হোটেলকে ১০ হাজার, এসকোয়ার ইলেকট্রনিক্সকে ৫ হাজার, অরেঞ্জ ফার্নিচারকে ৫ হাজার, রানার মোটরসাইকেলের দোকানকে ১০ হাজার, বোলিং জুতার দোকানকে ১৫ হাজার এবং ভিবো মোবাইল ফোনের দোকান ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক রামপুরা এলাকায় ক্রিসেন্ট সুপার শপকে ১০ হাজার এবং স্প্যান জুতার দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাইনবোর্ড বাংলায় না লেখায় রামপুরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্শিয়া সুলতানা পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, নাদিয়া ফার্নিচার ও ব্রাদার্স ফার্নিচারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। উল্লেখ্য, হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তত্সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক।