বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় যাত্রীবেশে উঠে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বন্দর থানাপুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম। নিহত চালক সাদেক মিয়া বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোরা গ্রামের একটি বাড়ির ভাড়াটিয়া ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিকশা চালক সাদেক মিয়ার রিকশায় ওঠে। বুরুন্দী কুড়িয়াভিটা এলাকার সংযোগ সড়কের নির্জন জায়গায় অটোরিকশাটি পৌঁছালে চালককে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাদেক মিয়ার বাবা দ্বীন মোহাম্মদ মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।