পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

ফতুল্লার লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ করায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ) কাউসার আলম এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহাকারী আতিকুর রহমান জানান, সদর উপজেলার ফতুল্লা লালপুর পৌষার পুকুরপাড় এলাকার মূল সড়কে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। বিষয়টি আদালতের নজরে আসে। আদালত পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ বলে মনে করে।

ময়লা ফেলার মাধ্যমে কারা এ আইন লংঘন করছে আদালত তা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে তদন্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, আগামী পহেলা মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে ফতুল্লা থানার ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সহযোগিতা করতে বলা হয়েছে। কারা সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করে তা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ময়লা সরাতে বলা হয়েছে।