তিন স্তরের নিরাপত্তা

শহিদ মিনারে প্রবেশে বিশেষ নির্দেশনা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তার পরও জঙ্গি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হবে। কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বিকালে শহিদ মিনারে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিশেষ পরিস্থিতিতে আমরা এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। চারিদিকে করোনা পরিস্থিতি, টিকাদান চলছে, তাতে ভীতি রয়েছে। কেউ মাস্ক ছাড়া শহিদ মিনারে প্রবেশ করতে পারবেন না। দল পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুই জনের বেশি প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহিদ মিনার এলাকায় যান চলাচল বরাবরের মতো নিয়ন্ত্রণ করা হবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। এজন্য ডিএমপি কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ অন্যান্য ইউনিটগুলো সক্রিয় থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, ডিএমপি ডিবির গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চপদ রায়সহ পুলিশের অন্য কর্মকর্তারা।