কেকেআরে খেলতে মুখিয়ে সাকিব

ভারতের সাবেক ক্রিকেটাররা ধারণা করছিলেন আইপিএলের আসন্ন ১৪তম আসরের নিলামে সাকিব আল হাসানকে পেতে মুখিয়ে থাকবে অনেকগুলো দল। ২ কোটি ভারতীয় রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে থাকা বাঁহাতি এ অলরাউন্ডারকে নিয়ে গতকাল চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে খুব কাড়াকাড়ি হয়েছে এমন নয়। তবে দুই দলের লড়াই শেষে ঘরের ছেলে ঘরে ফিরেছেন।

পাঞ্জাব কিংসের সঙ্গে নাতিদীর্ঘ লড়াই শেষে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে। এদিন নিলামে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। ১ কোটি রুপি ভিত্তি মূল্যে মুস্তাফিজকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।

আইপিএলে মোট আট আসর খেলেছেন সাকিব। যার মধ্যে ছয়টি আসরই ওপার বাংলার দল কেকেআরের হয়ে। দলটির হয়ে শিরোপাও জিতেছেন দুই বার। আইপিএল ক্যারিয়ারে ৬৩ ম্যাচে ৫৯ উইকেট ও ৭৪৬ রান আছে তার। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত আসরে খেলতে পারেননি তিনি।

আগামী ১১ এপ্রিল থেকে ৬ জুন অনুষ্ঠিত হবে আইপিএল। এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। অন্তত দুটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। তাই আইপিএলের শুরুতে কিছু ম্যাচ মিস করতে পারেন সাকিব ও মুস্তাফিজ।

তবে কেকেআরের হয়ে আবার মাঠে উন্মুখ বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। গতকাল সন্ধ্যায় দলটির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। খুবই উদ্দীপ্ত, এ বছর কেকেআরের হয়ে খেলতে পারব এজন্য। যেখানে আমরা দুটি আইপিএল জিতেছি একসঙ্গে। তেমনই রেজাল্ট করার চেষ্টা করব, যেভাবে ২০১২ ও ২০১৪ সালে করেছি। দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসঙ্গে জিতেছি। সত্যিই মুখিয়ে আছি এ বছর খেলতে, কলকাতার হয়ে খেলতে পারব এজন্য।’

কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন, ‘সাকিব এই ফ্র্যাঞ্চাইজির হয়ে এর আগেও খেলেছে। সে দলের কৌশল সম্পর্কে জানে। সেই সঙ্গে তার অধিনায়কত্বের অভিজ্ঞতাও কাজে লাগাতে পারি। সাকিব ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ওপরের দিকে ব্যাট করে। আমরাও তাকে একই ভূমিকায় কাজে লাগাতে পারি। সে পাওয়ার প্লের মধ্যে বল করতে পারে। আমরা তার কাছ থেকে অভিজ্ঞতা এবং নেতৃত্ব চাই, তার পারফরম্যান্স অথবা সামর্থ্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।’

আইপিএলে দল পেয়ে খুশি মুস্তাফিজও। রাজস্থানে সুযোগ পেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বাঁহাতি এ পেসার। গতকাল তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ তরুণ বলেছেন, ‘ভালো লাগছে, দোয়া করবেন।’