রেফারিজ কমিটিতে থাকছেন না কাজী নাবিল

রেফারিজ কমিটি ভেঙে দিয়ে গঠিত নতুন কমিটিতে বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদকে রাখা হয়েছিল। এক দিন না যেতেই এই কমিটিতে পরিবর্তন হতে যাচ্ছে। কারণ কাজী নাবিল রেফারিজ কমিটিতে থাকতে রাজি না বলে গতকাল জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কাজী নাবিল কেন এই কমিটিতে থাকবেন তা নিয়ে ফুটবল অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছিল। কারণ তিনি হচ্ছেন আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ। আবাহনীও রেফারিং বিতর্ক নিয়ে কথা বলে আসছিল। তারা রেফারির কাছ থেকে সঠিক সিদ্ধান্ত পাননি বলে প্রায় সময় শোনা গেছে। এই বিতর্কিত মুহূর্তে যদি আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ রেফারিং কমিটিতে অন্তর্ভুক্ত হন তাহলে কাজী নাবিল বিতর্কিত হবেন—এমনটি যেন না হয় তার জন্য নাবিল সরে গেছেন।