ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৪তম আসরের নিলামে ঝড় তুলেছেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় এ পেস বোলিং অলরাউন্ডারকে পেতে গতকাল চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের ত্রিমুখী লড়াই হয়েছিল। তাতেই ৭৫ লাখ ভিত্তি মূল্যের মরিস গড়ে ফেলেছেন রেকর্ড।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে পেয়েছে রাজস্থান। নিলামে তিন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, রাইলি মেরেডিথকে নিয়েও ভালোই কাড়াকাড়ি হয়েছিল।
নিলাম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) টেবিলে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবীর উপস্থিতি সাড়া ফেলে অন্তর্জাল দুনিয়ায়। দুই তারকার সন্তানের নিলামে অভিষেকের দিনে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে কিনেছে কেকেআর।
পাঞ্জাব কিংসের সঙ্গে ছোট লড়াই শেষে ২ কোটি ভিত্তি মূল্যের এ বাঁহাতি অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে টেনেছে কেকেআর। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শেষ মুহূর্তে নাম যুক্ত করা মুশফিকুর রহিমের নাম নিলামে তোলাই হয়নি। মাহমুদউল্লাহ ৭৫ লাখ, সাইফউদ্দিন ৫০ লাখ ও মুশফিকের ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি।
আইপিএলের ইতিহাসে এর আগে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল যুবরাজ সিংয়ের। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে যুবরাজকে নিয়েছিল ডেকান চাজার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছিল গত বছর প্যাট কামিন্সের ১৫ কোটি ৫০ লাখ। গতকাল তাদেরকে ছাড়িয়ে গেলেন ক্রিস মরিস।
চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ের পর ১৪ কোটি ২৫ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অস্ট্রেলিয়ান পেসার জাই রিচার্ডসনকে ১৪ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। একই দলে ৮ কোটি রুপিতে জায়গা হয়েছে আরেক অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরেডিথ। ৭ কোটিতে মঈন আলীকে নিয়েছে চেন্নাই, টি-২০-র এক নম্বর ব্যাটসম্যান ডাভিড মালান খেলবেন পাঞ্জাবের হয়ে। স্টিভ স্মিথের জায়গা হয়েছে দিল্লি ক্যাপিটালসে। নিলামে শেষ ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে ২০ লাখে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।