বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, রাঙ্গামাটি-বান্দরবানে যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাঙ্গামাটি-বান্দরবান সীমান্তের প্রধান সড়কের সিনেমা হল এলাকার বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের ড্রাইভারসহ চার জন আহত হয়েছেন। ঘটনার পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই করে ট্রাকটি বান্দরবানের উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকটি ব্রিজের ওপর উঠলে হঠাত্ ব্রিজটি ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে                ভর্তি করা হয়েছে। তবে এতে বড় ধরনের হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে বান্দরবান জেলার সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলেই ধারণা স্থানীয়দের। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে চন্দ্রঘোনা থেকে পাথরভর্তি ট্রাকটি রাঙ্গামাটির রাজস্থলী-বান্দরবান সীমান্তের প্রধান সড়কের সিনেমা হল এলাকার প্রধান সড়কের বেইলি ব্রিজে উঠলে হঠাত্ ব্রিজটি ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহত সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।

সড়ক ও জনপথ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন  জানান, ব্রিজটির সামনে পাঁচ টনের অধিক মালামাল নিয়ে পরিবহনের জন্য নিষেধ থাকা সত্ত্বেও ড্রাইভাররা অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের ওপর ওঠার ফলে এ ধরনের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে।