ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ব্রেক করলে মায়ের কোল থেকে তিন বছরের শিশু ইউসুফ রাস্তায় ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে একটি প্রাইভেট কারের চাকা শিশুটির মাথায় আঘাত করে চলে যায়। ইউসুফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়।
শিশুটির স্বজনেরা জানান, ইউসুফের বাবার নাম শহিদুল ইসলাম টিটু। তাদের বাসা খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীতে। গতকাল বিকালে মা ইয়াসমিন আক্তারের সঙ্গে নন্দীপাড়ায় মামার বাসায় যাচ্ছিল ইউসুফ। সঙ্গে তার আরো দুই বোন ছিল। অটোরিকশাটি দক্ষিণ বনশ্রীর অ্যাপেক্সের শোরুমের সামনে হঠাত্ ব্রেক করলে সে মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় তার বড় বোন সাবিহা আক্তার (১২) রাস্তায় ছিটকে পড়ে। ইউসুফ রাস্তার মাঝখানে পড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কার তার মাথা ঘেঁষে চলে যায়। দুই ভাইবোনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিত্সক ইউসুফকে মৃত বলে জানিয়ে দেয়। সাবিহাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তার মা কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। আর্তনাদ করে বলেন, ‘কোল থেকেই আমার সন্তান চলে গেল। আমি রক্ষা করতে পারলাম না।’
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশা থেকে পড়ে মারা গেছে, নাকি প্রাইভেট কারের কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।