ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ব্রেক করলে মায়ের কোল থেকে তিন বছরের শিশু ইউসুফ রাস্তায় ছিটকে পড়ে। মুহুর্তের মধ্যে একটি প্রাইভেট কারের চাকা শিশুটির মাথায় আঘাত করে চলে যায়। ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়।
শিশুটির স্বজনেরা জানান, ইউসুফের বাবার নাম শহিদুল ইসলাম টিটু। তাদের বাসা খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী। গতকাল বিকালে মা ইয়াসমিন আক্তারের সঙ্গে নন্দীপাড়ায় মামার বাসায় যাচ্ছিল ইউসুফ। সঙ্গে তার আরও দুই বোন ছিল। রিকশাটি দক্ষিণ বনশ্রীর অ্যাপেক্সের শোরুমের সামনে হঠাৎ ব্রেক করলে সে মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়। এসময় তার বড় বোন সাবিহা আক্তার (১২) রাস্তায় ছিটকে পড়ে। ইউসুফ রাস্তার মাঝখানে পড়ে যায়। এ সময় একটি প্রাইভেটকার তার মাথা ঘেঁষে চলে যায়। দুই ভাইবোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। সাবিহা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্ত্বরে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তার মা কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। আর্তনাদ করে বলেন, ‘কোল থেকেই আমার সন্তান চলে গেল। আমি রক্ষা করতে পারলাম না।’
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, ‘ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। রিকশা থেকে পড়ে মারা গেছে নাকি প্রাইভেটকারে কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।’
ইত্তেফাক/কেকে