ওপরে থুথু দিলে নিজের গায়েই আগে পড়ে: শাকিব

‘সিনেমা তো অনেকেই বানায়। মাঝে মাঝে মিডিয়ার কল্যাণে এমন কিছু দেখি যেটা আসলেই কাম্য নয়। সিনেমার বিষয়ে মানুষ এমন এমন উক্তি করে যেটা আসলে বলার মতো না। আমাদের দেশের সিনেমা এতো নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে হচ্ছে- কি আর বলবো। সেটা আর বলছি না। কারণ, উপরে থুথু দিলে তো নিজের গায়েই আগে পড়ে। সেটা নিজের কাছেই লজ্জা লাগে। কিন্তু গর্ব লাগে তখন যখন কিছু মানুষ আমাকে ভালো সিনেমা নিয়ে স্বপ্ন দেখায়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জমকালো আয়োজনে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান এসব কথা বলেন।

সুপারস্টার শাকিব বলেন, ‘আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই দেখা যাবে বলিউডের তুলনায় ছোট টালিউড, পাঞ্জাব, মালায়ালামের মতো ইন্ডাস্ট্রিগুলো এখন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকে ছাড়িয়ে সিনেমা বানাচ্ছে। “কেজিএফ”-এর কথাই যদি বলি, মালায়ালামের মতো ইন্ডাস্ট্রি ৩০০-৪০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে।  আর আমার দেশের সিনেমা এখন নাকি ১০ লাখ ২০ লাখে নেমে এসেছে। ভাবা যায়? অনেকে বলে অনেক আটিস্ট না খেয়ে আছে। আমি অনেক লোককে কাজ দিচ্ছি। তাকে আমি বলবো- তুমি কাজ দেওয়ার কে? স্টুপিড! আমার একশ-পাঁচশ সিনেমার দরকার নেই। আমার একটি সিনেমার দরকার। একটি ভালো ছবি হল-ইন্ডাস্ট্রিকে যে পরিমাণে ফিডব্যাক দিতে পারে সেটা কল্পনা করার মতো না।’

শাকিবের মতে, ‘আমি মনে করি ‘লিডার-আমিই বাংলাদেশ’ ছবিটি সোশ্যাল অ্যাওয়ার্ডনেসের সিনেমা। আমার বিশ্বাস এই ছবিটি প্রত্যেক মানুষকে জাগাবে এবং ভাবাবে। ছবিটি দেখে প্রত্যেকটি মানুষ বলবে, ইয়াস- আমিই লিডার, আমিই বাংলাদেশ।’

দেলোয়ার হোসেন দিল এর গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন তপু খান। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিত্রনায়িকা শবনম বুবলী, ‘লিডার-আমিই বাংলাদেশ’ এর নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব, ছবিটির পরিচালক তপু খান, চলচ্চিত্রটির প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর পরিচালক সৈয়দ আশিক রহমান।

ইত্তেফাক/বিএএফ