এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ,  ঢাকা।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।

উদ্দীপক:সেঞ্চুরি টুয়েন্টি ওয়ান প্রতিষ্ঠানটির বর্তমান সদস্য সংখ্যা একশত একুশ জন। ২০০১ সালের আইন অনুযায়ী গঠিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানটির প্রথম বছর শেষে তাদের মূলধন দাঁড়ায় ৬,০৫,০০০/- টাকা। ৩ বছর পর তাদের মুনাফার পরিমাণ দাঁড়ায় ২,০০,০০০/- টাকা। এই টাকা হতে তারা ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে জমা রাখেন। সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থ হতে ২৫,০০০/- টাকা দিয়ে তারা আয়ের উদ্দেশ্যে একটি রিক্সা ক্রয় করেন।

গ) উপরের উদ্দীপকে সেঞ্চুরি টুয়েন্টি ওয়ান কোন ধরণের সংগঠন? আলোচনা করো।

ঘ) উদ্দীপকে সংরক্ষিত তহবিলের অর্থ বিনিয়োগ কি যথাযথ হয়েছে? তোমার মতামত দাও।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:উপরের উদ্দীপকে সমবায় সমিতির কথা বলা হয়েছে। তুলনামূলকভাবে কমবিত্ত সম্পন্ন সমশ্রেণি বা সমপেশার মানুষ নিজেদের স্বার্থে সংঘবদ্ধ হয়ে সম-অধিকারের ভিত্তিতে ২০০১ সালের সমবায় আইনের আওতায় যে সংগঠন গড়ে তোলেন তাকে সমবায় সমিতি বলা হয়। 

উদ্দীপকে সেঞ্চুরি টুয়েন্টি ওয়ান প্রতিষ্ঠানটির বর্তমান সদস্য সংখ্যা একশত একুশ জন। প্রতিষ্ঠানটি ২০০১ সালের আইন অনুযায়ী গঠিত হয় এবং এটি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। প্রতিটি শেয়ারের মূল্য ৫,০০০/- টাকা করে ১২১ টি শেয়ারের প্রথম বছর শেষে তাদের মূলধন দাঁড়ায় ৬,০৫,০০০/- টাকা। বিনিয়োগকৃত মূলধনের ৩ বছরে তাদের মুনাফার পরিমাণ দাঁড়ায় ২,০০,০০০/- টাকা। এই টাকা হতে তারা বাধ্যতামূলকভাবে ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে জমা রাখেন। যেহেতু ২০০১ সালের সমবায় আইন অনুযায়ী গঠিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি ব্যধ্যতামূলক ভাবে দুটি তহবিলে টাকা জমা রাখে এর থেকে প্রতীয়মান হয় যে, এটি সমবায় সমিতি।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ ২,০০,০০০ X ১৫% = ৩০,০০০/- টাকা। এই টাকা হতে ৫০% অর্থাত্ ১৫,০০০/- টাকা বিনিয়োগের পরিবর্তে ২৫,০০০/- টাকা বিনিয়োগ যথাযথ হয়নি।

প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুযায়ী সঠিক পরিমাণ অর্থ নির্দিষ্ট খাতে নির্দিষ্ট সময়ে বিনিয়োগ করাকে যথাযথ বিনিয়োগ বলা হয়। এই ধরনের যথাযথ বিনিয়োগ প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক।

উদ্দীপকের সমিতিটি যেহেতু সমবায় সমিতি তাই এই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সংরক্ষিত তহবিল হতে মোট টাকার ৫০% বিনিয়োগ করা যাবে। উদ্দীপকে মোট মুনাফার পরিমাণ ২,০০,০০০/- টাকা। এই টাকা হতে সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ ২,০০,০০০ X ১৫% = ৩০,০০০/- টাকা। এই টাকা হতে ৫০% অর্থাত্ ১৫,০০০/- টাকা বিনিয়োগ করা যাবে। উক্ত উদ্দীপকে মোট ২৫,০০০/- টাকা বিনিয়োগের কথা বলা হয়েছে। যেহেতু ১৫,০০০/- টাকার পরিবর্তে ২৫,০০০/- টাকার বিনিয়োগের প্রস্তাব আইন অনুযায়ী যথাযথ হয়নি।

২০০১ সালের সমবায় সমিতি আইনের ৩৪ এর ২ ধারা অনুযায়ী সদস্যদের অর্জিত মুনাফা হতে সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থ  হতে মোট ৫০% অর্থ শুধুমাত্র বিনিয়োগ করা যাবে। উক্ত উদ্দীপকে শুধুমাত্র ৫০% অর্থাত্ ১৫,০০০/- টাকা বিনিয়োগ করা যাবে। এই পর্যায়ে লাভের উদ্দেশ্যে হলেও ২৫,০০০/- টাকা বিনিয়োগ করা যাবে না। তাই এই ধরনের বিনিয়োগ যথার্থ নয়। এটি গণতান্ত্রিক চর্চা এবং সদস্যদের আস্থা ও বিশ্বাসের পরিপন্থি । তাই এই ধরনের বিনিয়োগ না করাই ভালো।]