সৃজিতের ছবিতে তাহসান

তারিফ সৈয়দ

জীবনটা তো এক চলমান জলস্রোত। এখানে যদি পরস্পরকে শ্রদ্ধার জায়গায় আমরাই না রাখতে পারি তো আমাদের থেকে কে শিখবে। আর তাহসানের সঙ্গে সিনেমা সহসা না হলেও ওর গানের একটি ভিডিও বা আমার সিনেমায় ওর গানের ব্যাপারে খুব শিগগিরই একটা কাজ হতে পারে!—সৃজিত

প্রথাগত ধারণার বাইরেই তিনি সিনেমা করেন। জীবনের চলার পথগুলোও তেমন। সম্পর্কের গতিপথ, রসায়নগুলোও তিনি তার ছবিতে দেখিয়েছেন এক অন্য ব্যাকরণে। নিজেকে বলেন নগর সন্ন্যাসী। যা এক আধটু স্টাইল দেখা যায়, তা নাকি স্ত্রী মিথিলার কার্যকারণে। বলছি, উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির কথা।

আমাদের দেশের গুণী শিল্পী ও উন্নয়নকর্মী মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ের পর এই প্রথম ঢাকায় এলেন। ঢাকায় খুব অল্পদিনের সফরে নানা আত্মীয়স্বজনের দাওয়াতে ব্যস্ত ছিলেন জামাইবাবু সৃজিত। একাধিক টিভি ইন্টারভিউতে ডাক পড়লেও দু’জন আর সময় করে উঠতে পারেননি। তবে এবারের সফরে একমাত্র জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান রাতাড্ডায় এক্সক্লুসিভলি একটি শোতে আড্ডা দিয়েছেন।

মিথিলা-সৃজিতের প্রেম, সংসার খুনসুটির গল্পের নানাবিধ আড্ডায় বরাবরই দর্শক কৌতুহল থাকে ব্যক্তিগত আলাপচারিতা। এর বাইরে ভার্চুয়াল পৃথিবীর নানা বুলি তো রয়েছেই। গণমাধ্যমের এসব যন্ত্রণা কেমন লাগে জানতে চাইলে সৃজিত বলেন, ‘আমার কাছে মনে হয়, মিডিয়ার এ রকম ইন্টারভিউতে এসব আলোচনা করতে করতে আমি নিজে যে কারণে সৃজিত হয়েছি বা হওয়ার পথে হাঁটছি সেই কথাগুলো আর বলা হয় না। আমার কাজের দর্শন নিয়ে আলোচনা কমে যায়। কিন্তু কী আর করার, দর্শক-শ্রোতারা তো আবার এগুলোই চায়। এই চাওয়া-চাওয়ির দেন-দরবার আমি আমার সিনেমাতেও করিনি। ব্যক্তিজীবনেও অন্যরা কী তরকারি পছন্দ করবে তা রাঁধিনি। তাই বলবো এগুলো কমানো উচিত।’

বরাবরই পূর্ব প্রেম বা সংসারের প্রশ্নে মিথিলা সৃজিত অকপট থাকেন। সম্পর্কের এই ম্যাচিউরড সমান্তরাল অবস্থান সিনেমার গল্পকেও হার মানায়! তাই তাহসান সৃজিতের পরের কোনো ছবিতে অভিনয় করবেন কি-না এমন প্রশ্নের জবাবে খুব সাবলীলভাবে উপমহাদেশের সেরা এই নির্মাতা বলেন, ‘কেন নয়, আমার গল্প লেখার ভাবনায় তাহসানকে প্রয়োজন হলে সেটা অবশ্যই আমি ওকে অফার করবো। মাত্র কদিন আগেই তো ওর বাসায় আড্ডা দিলাম। দারুণ এক পিয়ানো রয়েছে ওর ঘরে। আসলে দেখুন, জীবনটা তো এক চলমান জলস্রোত। এখানে যদি পরস্পরকে শ্রদ্ধার জায়গায় আমরাই না রাখতে পারি তো আমাদের থেকে কে শিখবে। আর তাহসানের সঙ্গে সিনেমা সহসা না হলেও ওর গানের একটি ভিডিও বা আমার সিনেমায় ওর গানের ব্যাপারে খুব শিগগিরই একটা কাজ হতে পারে!’

পারস্পরিক সম্পর্ক রসায়নের এই অবস্থানকে অনেকেই নানারকমভাবে দেখলেও সৃজিতের ছবিতে তাহসান গায়ক বা নায়ক হিসেবে থাকলে তা যে দর্শকমনে তুমুল আগ্রহের জোগান দেবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক। নির্মাতা যেহেতু ভাবছেন সেহেতু খুব জলদিই হয়তো সে খবর অফিসিয়ালি প্রকাশ পাবে।