বিনোদন ডেস্ক
বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের সিনেমা মানেই যেন ভক্তদের বাড়তি আগ্রহ। কবে মুক্তি পাবে তার নতুন ছবি, নতুন কী চমক থাকছে তার ছবিতে-এমন নানা জল্পনা-কল্পনা চলে বলিপ্রেমীদের ভেতরে। আর সেই সিনেমা যদি হয় রণবীর কাপুরের সঙ্গে তাহলে সেই প্রত্যাশার পারদ বেড়ে যায় বহুগুণে। গতবছর শ্রদ্ধা ও রণবীর লুব রঞ্জনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কেন শুটিং হচ্ছে না, মুক্তি কবে পাবে সেটা নিয়ে ছিল ধোঁয়াসা। তবে এবার সেই জল্পনার অবসান হলো। গত জানুয়ারি থেকে শুটিং শুরু হওয়া এই সিনেমাটি আগামীবছর মার্চে আলোর মুখ দেখবে। আগামী মাসে দেশের লোকেশনে দ্বিতীয় লটের শুটিং শেষ করে দেশের বাইরে শেষ লটের কাজ করতে যাবেন কলাকৌশলীরা। বর্তমানে শ্রদ্ধা তার আসন্ন সিনেমা ‘নাগিন’ ও বাঘি থ্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এরইমাঝে এমন সুখবরে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
শ্রদ্ধা বলেন, ‘সিনেমাটির মুক্তির খবরে আমার ভক্তদের সঙ্গে আমিও বেশ উচ্ছ্বসিত। প্রথমে সংশয়ে ছিলাম শুটিং নিয়ে। করোনাসহ নানা কারণে এতদিন কাজ শুরু করা যায়নি। তবে গত মাস থেকে পুরোদমে কাজ চলছে। আশা করছি নির্মাতা সময়মতো সিনেমাটি মুক্তি দেবেন। আর এই সিনেমাটিতে আমি রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবো। আমার বিশ্বাস আমাদের জুটিকে দর্শকরা ভালোবেসে গ্রহণ করবেন। নতুন কিছু চমক নিয়ে আসবো এই সিনেমাটিতে।
সিনেমাটিতে রণবীর-শ্রদ্ধার রসায়ন ছাড়াও ডিমপেল কাপাদিয়া ও বনি কাপুরের অভিষেক ভিন্নমাত্রা যোগ করবে বলে জানিয়েছেন নির্মাতা।