জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘তুমি সেই রাজকুমার’

মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে একটি কবিতা লিখেছেন একুশে পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ও কবি নাজমুন নেসা পিয়ারি। কবিতাটি আবৃত্তি করেছেন গুণী অভিনেতা ও  আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

কবিতা আবৃত্তিটি মুক্তি পেয়েছে মোবাইল অপারেটরের রিংটন হিসেবে। আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেম্যাকিং কবি নাজমুন নেসা পিয়ারির ‘তুমি সেই রাজকুমার’ শিরোনামের কবিতাটির আবৃত্তি অডিও ও বঙ্গবন্ধুর ছবি দিয়ে আবৃত্তির একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। এই কাজটির অডিও ও ডকুমেন্টারির পরিবেশক হিসেবে রয়েছে অগ্নিবীনা ও জি সিরিজ।

আবৃত্তি ও ডকুমেন্টারিটির প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘কবিতা নিয়ে এটি আমাদের প্রথম প্রযোজনা। মুজিববর্ষে আমরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার কাজ করেছি। এ বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, তাই আমরা মুক্তিযুদ্ধ নিয়ে দেশের বিশিষ্ট ৫০ জন কবির ৫০টি কবিতার একটি প্রযোজনা করছি, যা  খুব শিগগিরই আমরা  মুক্তি দেবো।