ভ্যাকসিন আসায় কলকাতায় মাস্ক পরতে অনীহা

করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে গেছে বলে অনেকেই ভাবছেন, করোনাও চলে গেছে। তাই সব জায়গাতে মানুষের ভিড় চোখে পড়ছে। গণপরিবহন থেকে শুরু করে ভারতের বেশির ভাগ জায়গাতেই একই অবস্থা। গত ১০-১৫ দিন ধরে কলকাতার গণপরিবহনে যাত্রীদের ভিড় বাড়ছে। গণপরিবহনের যাত্রীসহ অনেকেরই মাস্ক পরার প্রতি অনীহা তৈরি হয়েছে, যা দেখে বোঝার উপায় নেই যে, শহরের অনেকেই এখনো করোনার সঙ্গে লড়ছেন। —আনন্দবাজার পত্রিকা

মুম্বাইয়ের মতো শহরেও নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও তা নিয়ে কারও উদ্বেগ নেই। কেউ মাস্ক পরলে তাকে তাচ্ছিল্যও করছেন অনেকে। কেউ কেউ প্রকাশ্যেই বলছেন, ‘মাস্ক পরলে এখন বোকা বোকা লাগে!’ বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া থেকে মেট্রোয় উঠেছিলেন এক ব্যক্তি। দমদম পেরোতেই মাস্কবিহীন যাত্রীর ভিড় দেখে আতঙ্কিত হয়ে তিনি প্রশ্ন করেন, ‘মাস্ক কোথায়?’। তার এ প্রশ্ন শুনে যারা মাস্ক পরেননি, তারা ঐ ব্যক্তির দিকে তেড়ে আসেন! তবে মাস্ক পরে রয়েছেন এমন অনেকেও বলে ওঠেন, ‘করোনা অনেক হয়েছে। নেহাত বারবার খুলতে-পরতে সমস্যা হয়, তাই আমাদের মতো অনেকেই এখনো একটানা পরে থাকেন।’ গড়িয়াহাট মোড়ে বেশ কয়েকটি অটো ছেড়ে দিয়ে বিরক্ত হয়ে দাঁড়িয়ে ছিলেন তমালিকা বসু নামে এক নারী। তিনি বলেন, ‘অফিস যাব। এই নিয়ে চারটা অটো ছাড়লাম। সবাই মাস্ক পরে আছেন, এমন একটা অটোও দেখলাম না! মাস্ক না থাকলে উঠবো না বলায় এক অটোচালক বললেন, ওসব দিন গেছে। দাঁড়িয়ে থাকুন!’ দমদমে শান্তিপুর লোকাল ট্রেন থেকে নামা মাস্কবিহীন মধ্যবয়সি এক যাত্রী বলেন, ‘ভ্যাকসিনের জোরেই সবাই ছুটছেন। মাস্ক লাগবে না!’