মতিঝিলে ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেফতার দুই

ইত্তেফাক রিপোর্ট

মতিঝিল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো—মুকল বেপারী ও রত্না বেগম। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। এ ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, গ্রেফতারকৃত দুই জন দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।