আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেপির কর্মসূচি

ইত্তেফাক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি-জেপি। কর্মসূচির মধ্যে রয়েছে—প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন; ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও উত্তোলন এবং সকাল ৯টায় আজিমপুরস্থ ভাষা শহিদ আবুল, বরকত ও শফিউর রহমানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ। জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলের সব শাখাকে কেন্দ্রের অনুরূপ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

খুলনা জেলা জেপির সাধারণ

সম্পাদকের ইন্তেকাল

জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন হাওলাদার বৃহস্পতিবার রাত ১০টায় হূদেরাগে আক্রান্ত হয়ে খুলনায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। একজন সত্ ও দক্ষ সংগঠক হিসেবে খুলনার রাজনৈতিক মহলে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গতকাল শুক্রবার বাদ জুমা টুটপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে খুলনা সিটি করপোরেশনের টুটপাড়া কববস্থানে সমাহিত করা হয়। জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফতেহ আলী টিপু, দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জেপির সভাপতি আব্দুল মজিদ এবং খুলনা মহানগরের সভাপতি কাজী মাসুদ। পৃথক শোকবার্তায় জেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি রুহুল আমিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ শোক জানান।