কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই যুবক আহত

ইত্তেফাক রিপোর্ট

সাভারের সরস্বতী পূজা উপলক্ষ্যে মন্দিরে নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে এক দল মদ্যপ কিশোরের হামলা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে দুই যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার মাইটা মন্দিরে পূজা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী সাত জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়ায় ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।

মন্দিরের হামলায় আহতরা হলেন—সাভার মধ্যপাড়া এলাকার বিপদ রাজবংশীর ছেলে সুমন রাজবংশী ও সেন্টু রাজবংশীর ছেলে শিমুল রাজবংশী। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে।

আহত সুমনের বড় ভাই আনন্দ রাজবংশী অভিযোগ করেন, নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে সুমন ও শিমুলের সঙ্গে মাহবুব ও আলামীন নামে দুই কিশোরের বাগিবতণ্ডা হয়। পরে সুমন ও শিমুল মন্দির থেকে বেরিয়ে দক্ষিণপাড়া এলাকায় গেলে সেখানে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এক পর্যায়ে তারা সুমন ও শিমুলকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।