পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
ইঞ্জিন বিকলের তিন ঘণ্টা পর জারিয়া-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পূর্বধলায় শুক্রবার সকালে জারিয়া-ঝাঞ্জাইল লোকাল ট্রেনের ইঞ্জিন জারিয়া রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি প্রায় তিন ঘণ্টা স্টেশনে আটকা পড়ে থাকে। ময়মনসিংহগামী যাত্রীসহ ট্রেনের জন্য অপেক্ষমান এ লাইনের অন্যান্য স্টেশনে যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। পরে ময়মনসিংহ থেকে লাইট ইঞ্জিন (উদ্ধারকারী) এসে বিকল ইঞ্জিনটি নিয়ে গেলে দুপুর পৌনে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ২৭২ নম্বর আপ ট্রেনের ইঞ্জিন জারিয়া স্টেশনে বিকল হয়ে পড়ে। দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ থেকে লাইট ইঞ্জিন এসে বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।