বাঁশ-বেতে জীবিকা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহর উপজেলায় দুই শতাধিক পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন বাঁশ ও বেতের তৈরি পণ্য। উপজেলার অমৃতকুন্ডা, মাঝগ্রাম, মির্জাপুর, হান্ডিয়াল, গুনাইগাছা, হরিপুরসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক পরিবার বাঁশ ও বেতপণ্যের সঙ্গে জড়িত। এ পেশাতেই চলে তাদের জীবন-জীবিকা। চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা দাসপাড়ার প্রায় সব পরিবারই এ পেশার সঙ্গে জড়িত। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বাঁশ-বেত পণ্য তৈরিতে নিয়োজিত। বাঁশ ও বেত দিয়ে কুলা, ডালা, চালনা, ঢাকি, মাছ ধরার খালই, ঢাকনা, পেন্সিল বক্স, কলমদানি, ফুলের টব, তালাইসহ হরেক রকম পণ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। দৈনন্দিন সাংসারিক কাজে ব্যবহূত এসব পণ্য বিক্রি করতে দোকান খোলা হয়েছে। এছাড়াও বাঁশ ও বেতের তৈরি পণ্য ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। বিক্রি হচ্ছে হাটবাজারে। গ্রামে গ্রামে ফেরি করেও এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এ পেশার সঙ্গে জড়িত মিনু দাস, আরতি রানী, শিমু দাসসহ অন্যরা জানান, বাঁশ ও বেতের দাম অনেক বেড়েছে। তাছাড়া প্লাস্টিক পণ্য বাজার দখলে নিয়েছে। ফলে তারা বাপ-দাদার পেশা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। করোনার সময়ে তারা আরো বেকায়দায় পড়েছেন। কোনো প্রকার প্রণোদনা পাননি। করোনার এ সময় এনজিও ঋণের কিস্তি পরিশোধ করতে তারা সর্বস্বান্ত হচ্ছেন।