স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুই ফরম্যাটের জন্য আলাদা করে দল ঘোষণার পথে হাঁটেনি বিসিবি। গতকাল সফরের জন্য ২০ সদস্যের সম্মিলিত বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই দলে নেই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নেওয়া সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের পর এ সফরেও বিবেচনা করা হয়নি সাবেক অধিনায়ক, অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মুর্তজাকে।
সীমিত ওভারের ফরম্যাটের দল থেকে আবারও বাদ পড়েছেন তাইজুল ইসলাম। তিন ফরম্যাটে খেলার আশায় বোলিং অ্যাকশন পরিবর্তন করে সুবিধা করতে পারেননি তাইজুল। পুরোনো অ্যাকশনে ফিরলেও ওয়ানডে, টি-২০ তে জায়গা হলো না তার। একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে নিউজিল্যান্ড যাচ্ছেন নাসুম আহমেদ। ওয়ানডে দল বিবেচনায় প্রথমবার ডাক পেয়েছেন নাসুম। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৯ সালে ভারত সফরের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার।
গত বছর মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকে পেসার শফিউল ইসলাম, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বাদ পড়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল থেকে বড় পরিবর্তন নেই। হোম সিরিজে ম্যাচ না খেলা মেহেদী হাসান, আফিফ হোসেন, শরীফুল ইসলামরা আছেন এ সফরের দলে। তবে উইন্ডিজদের বিরুদ্ধে ওয়ানডে দল থেকে বাদ পড়া অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন আছেন নিউজিল্যান্ড সফরের দলে। তিনি অবশ্য গত মার্চে জিম্বাবুয়ে বিপক্ষে টি-২০ সিরিজে দলে ছিলেন।আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন তামিমরা। পরে কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের।
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড
সিরিজের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২০ মার্চ প্রথম ওয়ানডে ডানেডিন
২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চ
২৬ মার্চ তৃতীয় ওয়ানডে ওয়েলিংটন
২৮ মার্চ প্রথম টি-২০ হ্যামিল্টন
৩০ মার্চ দ্বিতীয় টি-২০ নেপিয়ার
১ এপ্রিল তৃতীয় টি-২০ অকল্যান্ড