আজ থেকে শুরু হচ্ছে পিএসএল

বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংস ও কোয়েটা গ্লাডিয়েটরসের মধ্যকার ম্যাচ দিয়ে আজ মাঠে নামছে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর। আইপিএলের আদলে করা রাউন্ড রবিন ও প্লে-অফ পর্বের সমন্বয়ে গঠিত এই টি-২০ টুর্নামেন্টে প্রতিবছরের মতো এবারও অংশগ্রহণ করছে ছয়টি দল। সবকটি দলেই পাকিস্তানি খেলোয়াড়দের পাশাপাশি থাকছে একাধিক বিদেশি খেলোয়াড়। এবার বিদেশিদের মধ্যে থাকছেন ক্রিস গেইল, রশিদ খান, অ্যালেক্স হেলস, ফাফ ডু প্লেসি, টম ব্যান্টন, ক্রিস লিনের মতো টি-২০ ফরম্যাটের পরিচিত অনেক তারকা। আর বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো দেশি তারকারাও সবাই থাকছেন এবারের আসরে। করাচি ও লাহোর, এই দুই স্টেডিয়ামে মিলিয়েই আয়োজিত হবে ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই খেলা হবে জৈব সুরক্ষা বলয়ে। দুটি স্টেডিয়ামকেই ২০ শতাংশ দর্শক ধারণ করার অনুমতি দিয়েছে পিসিবি।